ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনায় অগ্রগতি আনতেই তার এই সফর বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পৌঁছেছেন মহসিন নাকভি। পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরকে […]
ছবি: সংগৃহীত
ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনায় অগ্রগতি আনতেই তার এই সফর বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সরকারি সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পৌঁছেছেন মহসিন নাকভি। পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তেহরানে পৌঁছানোর পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। এর মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির ইরান সফর করেছিলেন। ফলে ধারাবাহিক এই সফরগুলোকে ইসলামাবাদের সক্রিয় মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত মাসে ইসলামাবাদের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে তারা নতুন বার্তা পেয়েছেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনা চালিয়ে যেতে আগ্রহী—এমন ইঙ্গিত রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। গত মঙ্গলবার তিনি বলেন, তেহরানের দেওয়া শান্তি প্রস্তাব গ্রহণ করা ছাড়া ওয়াশিংটনের সামনে কার্যকর কোনো পথ নেই। অন্যথায় আলোচনা বারবার ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের জনগণের অধিকার নিশ্চিত করে উপস্থাপিত ১৪ দফা প্রস্তাবই হতে পারে সমাধানের ভিত্তি। এর বাইরে অন্য কোনো পন্থা সফল হবে না বলেও দাবি করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত শুরু হয়। পরে গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সেই যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।
এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদের ভূমিকা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।