ইরান যুদ্ধকে ঘিরে জার্মানির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দেশটি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন বর্তমানে পর্যবেক্ষণ ও বিবেচনা করছে এবং এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য […]
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধকে ঘিরে জার্মানির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দেশটি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, জার্মানিতে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন বর্তমানে পর্যবেক্ষণ ও বিবেচনা করছে এবং এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।
সম্প্রতি মেরৎস মন্তব্য করেছিলেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র “অপমানিত” হচ্ছে। জার্মান চ্যান্সেলরের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। এরপরই তিনি জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দেন।
ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অবস্থানে জার্মানি এবং ন্যাটোর অন্যান্য মিত্রদের ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি সচল রাখতে নৌবাহিনী মোতায়েন না করায় মিত্রদেশগুলোর সমালোচনা করেছেন তিনি।
বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের অন্যতম বড় ঘাঁটি হলো জার্মানি। দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে, সেনা কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা ন্যাটো জোটের ভেতরে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে।
সূত্র: আল-জাজিরা