ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি সামনে আসার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি ভেঙে গেলে উপসাগরীয় কয়েকটি দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত গোপনে পাল্টা সামরিক […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি সামনে আসার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি ভেঙে গেলে উপসাগরীয় কয়েকটি দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত গোপনে পাল্টা সামরিক অভিযান চালায়। প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে গত ৭ এপ্রিল ইরানের লাজান দ্বীপে হামলা পরিচালিত হয়েছিল।
এদিকে কুয়েত জানিয়েছে, দেশটির উপকূলীয় বৃহত্তম দ্বীপ বুবিয়ানে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অন্তত চার সদস্যকে আটক করা হয়েছে। কুয়েতি সংবাদমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, তারা মাছ ধরার নৌকায় করে দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন অত্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছে।
অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দুই সপ্তাহ আগের তুলনায় এই ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যতম লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। পর্যবেক্ষকদের মতে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণসহ বিভিন্ন ভূরাজনৈতিক কারণে তেহরান ও আবুধাবির মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল। এবার সেই দ্বন্দ্ব সামরিক পর্যায়েও পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাত পরিচালিত ফরাসি মিরাজ যুদ্ধবিমান এবং চীনা উইং লং ড্রোন ইরানের আকাশসীমায় সক্রিয় ছিল—এমন ইঙ্গিত স্যাটেলাইট চিত্রে পাওয়া গেছে। এর আগে ইরান অভিযোগ করেছিল, তাদের বিরুদ্ধে হামলায় আমিরাত ও কুয়েত সহযোগিতা করেছে।
তবে উপসাগরীয় দেশগুলোর অবস্থান এক নয়। সৌদি আরব ও কাতার এখনো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনাগ্রহী। সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত তুর্কি আল-ফয়সাল সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হতে পারে।
তিনি বলেন, সৌদি আরব যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনা, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং হজ ব্যবস্থাপনা ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে বাধাগ্রস্ত হবে দেশটির উচ্চাভিলাষী “ভিশন ২০৩০” পরিকল্পনা।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা জোরদারে সেখানে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা সদস্য পাঠিয়েছে ইসরাইল।
এদিকে সাম্প্রতিক ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় গ্যাস প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দুই বছরের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে অ্যাডনক গ্যাস। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, পূর্ণ মেরামত শেষ হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।