হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইস্যুকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাতে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলায় নতুন করে ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২২ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুরের বরাত […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইস্যুকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাতে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলায় নতুন করে ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
কারমানপুর জানান, ২৭ জুন থেকে ২২ জুলাই স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত সংঘটিত হামলার হিসাব অনুযায়ী নিহতদের মধ্যে ৬ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৩ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ৩৯ জন নারী ও ২৩ জন অপ্রাপ্তবয়স্ক।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ৫৩৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও ২১ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জেনেভায় কূটনৈতিক আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনীর হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান পরবর্তী ৩৯ দিনে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রায় ১০০ দফা হামলা চালায়।
পরবর্তীতে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ১৩ এপ্রিল হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত শুরু হয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী বিমান হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
এদিকে ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতের সময় নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। এছাড়া এখনো চারটি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানিয়েছেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি