ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। মার্কিন পদক্ষেপকে “একতরফা” ও “দূরবর্তী এখতিয়ার প্রয়োগ” হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—হেংলি পেট্রোকেমিক্যাল […]
ফাইল ছবি
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। মার্কিন পদক্ষেপকে “একতরফা” ও “দূরবর্তী এখতিয়ার প্রয়োগ” হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংজিং কেমিক্যাল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তারা কার্যকর হতে দেবে না। বেইজিংয়ের দাবি, আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে অন্য দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা আরোপ গ্রহণযোগ্য নয়।
তবে নতুন এই পাল্টা আদেশ কীভাবে বাস্তবায়ন করা হবে বা কোন আইনি কাঠামোর মাধ্যমে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে, চীন ইরানের অন্যতম বড় তেল ক্রেতা এবং এই বাণিজ্যের মাধ্যমে তেহরানের অর্থনীতি সচল রয়েছে। এর আগেও একই অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের এই পাল্টাপাল্টি অবস্থান দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।