যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দুই দেশই একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে রয়েছে। বুধবার (৬ মে) শান্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর আগে একই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। রয়টার্সকে ওই সূত্র জানায়, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দুই দেশই একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারকে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে রয়েছে।
বুধবার (৬ মে) শান্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর আগে একই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।
রয়টার্সকে ওই সূত্র জানায়, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে পারে এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক পদক্ষেপ নিয়েছিল, তা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন এখন আশা করছে, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস।
সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হতে পারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করতে পারে এবং বিদেশে আটকে থাকা বিপুল অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেবে।
একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।