সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৮ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ইসরাইল উপকূলে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলের উপকূলে এসে পৌঁছেছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও টাইমস অব ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে ইসরাইলে কয়েক […]

ইসরাইল উপকূলে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরাইলের উপকূলে এসে পৌঁছেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও টাইমস অব ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে ইসরাইলে কয়েক ডজন মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পাঠানো হয়েছে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানও। এতে করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন। পাশাপাশি নতুন করে ইরান সফর না করার পরামর্শ দিয়েছে বেইজিং। এ নিয়ে এখন পর্যন্ত অন্তত ৯টি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে অবস্থিত দেশটির দূতাবাস এবং কনস্যুলেটগুলো শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চীনা নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এই বার্তা চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশ করা হয়। সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, যারা ইতোমধ্যে ইরানে আছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দ্রুততম সময়ে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরাইলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের ‘আজই’ দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শুক্রবার সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে তিনি জানান, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে দেরি না করে আজই চলে যাওয়া উচিত।

এ পরিস্থিতির মধ্যে তেল আবিবগামী ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা। নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ও ইসরাইল ভ্রমণে সতর্কতা জারি করেছে।

নেদারল্যান্ডসের প্রধান বিমানসংস্থা কেএলএম আমস্টারডাম-তেল আবিব রুটে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানান, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তেল আবিবে ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়।

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চাপ বাড়াতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দেশটির প্রশাসন।

অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন ও তেল আবিব হস্তক্ষেপ এবং সরকার পরিবর্তনের অজুহাত তৈরি করছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো সামরিক হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং পারমাণবিক কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা আরোপ হলে তার সঙ্গে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত থাকতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ