যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের দুটি সামরিক সূত্র ও একটি আঞ্চলিক সূত্র। এই তিনটি সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে হামলার ধরন, সময় ও নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এদিকে, ইরানের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের দুটি সামরিক সূত্র ও একটি আঞ্চলিক সূত্র। এই তিনটি সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে হামলার ধরন, সময় ও নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি স্কুলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
হরমুজগান প্রদেশের গভর্নর জানান, শনিবার সকালে মিনাবের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী প্রাণ হারায় এবং গুরুতর আহত হয় অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এর আগে শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানানো হয়।
এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ থেকেও বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবের রাজধানী রিয়াদ, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, বাহরাইনের মানামা এবং জর্ডান থেকে নিশ্চিত করা হয়েছে, এসব এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
চলমান এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি যেকোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।