উট পালন, বিপণন ও ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে এবং আন্তর্জাতিক বাজারে উট ও উটজাত পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন একটি ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে উট খাতকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। সম্প্রতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই […]
ছবি: সংগৃহীত
উট পালন, বিপণন ও ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে এবং আন্তর্জাতিক বাজারে উট ও উটজাত পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন একটি ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে উট খাতকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। নতুন এই পাসপোর্টে প্রতিটি উটের পরিচয়সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে। এর মধ্যে থাকবে উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রঙ ও জন্মস্থান।
সঠিক শনাক্তকরণ নিশ্চিত করতে প্রতিটি পাসপোর্টে উটের মাইক্রোচিপ নম্বর, নির্দিষ্ট পাসপোর্ট নম্বর এবং উটের দুই পাশের ছবি সংযুক্ত থাকবে। পাশাপাশি এতে একটি নির্ধারিত ভেটেরিনারি টিকাদান সূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সব টিকাদানের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পাসপোর্ট ব্যবস্থা চালুর ফলে উটের কেনাবেচা, পরিবহণ এবং সরকারি নথিভুক্তকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত হবে। একই সঙ্গে উট সংক্রান্ত একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ গড়ে তোলা সম্ভব হবে, যা নীতিনির্ধারণ ও গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে।
মন্ত্রণালয়ের সর্বশেষ শুমারি অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে উটের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি। বিশাল এই প্রাণিসম্পদকে একটি কাঠামোবদ্ধ ও আধুনিক ব্যবস্থার আওতায় আনতেই ‘উট পাসপোর্ট’ প্রকল্প চালু করা হয়েছে।