ফ্রান্সে হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার একটি ক্রুজ শিপ থেকে ফিরিয়ে আনার সময় এক ফরাসি নাগরিকের শরীরে ভাইরাসটির উপসর্গ দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে। যাত্রাপথেই জাহাজটিতে হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা জাহাজটি থেকে যাত্রীদের বিভিন্ন […]
ছবি: সংগৃহীত
ফ্রান্সে হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার একটি ক্রুজ শিপ থেকে ফিরিয়ে আনার সময় এক ফরাসি নাগরিকের শরীরে ভাইরাসটির উপসর্গ দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে। যাত্রাপথেই জাহাজটিতে হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা জাহাজটি থেকে যাত্রীদের বিভিন্ন দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। সূত্র: বিবিসি।
ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, পাঁচজন ফরাসি নাগরিককে একটি চার্টার্ড ফ্লাইটে টেনেরিফ থেকে প্যারিসে আনা হচ্ছিল। ফেরার পথেই একজন যাত্রীর শরীরে হঠাৎ উপসর্গ দেখা দেয়। এরপরই পুরো দলকে কঠোর আইসোলেশনে নেওয়া হয়।
প্যারিসের লে বুরজে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্যকর্মীরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে তাদের গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের বিচ্যাট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর আরও ৪৫ দিন হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদেরও আলাদা ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। জাহাজটির প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রুর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনের বেশি নিজ দেশে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুইজন যাত্রীর মধ্যে একজনের শরীরে হালকা উপসর্গ দেখা গেছে এবং আরেকজনের শরীরে অ্যান্ডিস স্ট্রেইনের হালকা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের বিশেষ বায়ো-নিরাপদ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
এখন পর্যন্ত তিনজন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে দুজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহযোগিতায় পুরো উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে স্পেন সরকার। যাত্রীদের নামানো থেকে শুরু করে বিভিন্ন দেশে পাঠানো পর্যন্ত সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ালেও অ্যান্ডিস স্ট্রেইনের ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনাও রয়েছে। জ্বর, ক্লান্তি, পেটব্যথা, বমি ও শ্বাসকষ্ট এই ভাইরাসের সাধারণ উপসর্গ।