সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৭ অপরাহ্ন, ২ মে ২০২৬

কারাগার থেকে হাসপাতালে নোবেলজয়ী ইরানের নার্গিস মোহাম্মদি

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, কারাবন্দি অবস্থায় তিনি একদিনে দুবার অজ্ঞান হয়ে পড়েন এবং হৃদযন্ত্র-সংক্রান্ত গুরুতর জটিলতায় আক্রান্ত হন। ফাউন্ডেশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্য পরিস্থিতি দ্রুত […]

কারাগার থেকে হাসপাতালে নোবেলজয়ী ইরানের নার্গিস মোহাম্মদি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, কারাবন্দি অবস্থায় তিনি একদিনে দুবার অজ্ঞান হয়ে পড়েন এবং হৃদযন্ত্র-সংক্রান্ত গুরুতর জটিলতায় আক্রান্ত হন।

ফাউন্ডেশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্য পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। কারা চিকিৎসকরা সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে মত দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। এর আগেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার সুপারিশ করা হয়েছিল।

আইনজীবীদের বরাতে জানা গেছে, মার্চের শেষ দিকে নার্গিস হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। পরিবারের অভিযোগ, গত ডিসেম্বরে মাশহাদে গ্রেপ্তারের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, যা বর্তমান স্বাস্থ্যঝুঁকিকে আরও জটিল করেছে। তাদের দাবি, গ্রেপ্তারের সময় তার মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদিকে গত ১২ ডিসেম্বর আটক করা হয়। পরে ফেব্রুয়ারিতে “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততা”সহ বিভিন্ন অভিযোগে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। এর আগেও তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘ সাজা ভোগ করছিলেন। চিকিৎসাজনিত কারণে ২০২৪ সালের শেষ দিকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।

তার ওপর চলমান আচরণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারিতে নোবেল কমিটি অভিযোগ করে যে, তার বিরুদ্ধে “জীবনহানিকর নির্যাতন” অব্যাহত রয়েছে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানায়। তবে ইরান সরকার এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ