সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
৩:১১ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ বদলে যাবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে দেশে আর অপশাসনের প্রত্যাবর্তন ঘটবে না। তিনি জানান, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে। সোমবার সকালে সচিবদের সঙ্গে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে […]

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ  বদলে যাবে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে দেশে আর অপশাসনের প্রত্যাবর্তন ঘটবে না। তিনি জানান, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে।

সোমবার সকালে সচিবদের সঙ্গে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

প্রেস সচিব জানান, অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে সীমিত পরিসরে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সচিবদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে স্মরণীয় ছবি তোলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অতীতের অনেক নির্বাচন প্রকৃত অর্থে জনগণের রায় প্রতিফলিত করেনি। সেগুলো ছিল মূলত আনুষ্ঠানিকতা। তবে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকায় দেশ প্রায় প্রস্তুতির শেষ প্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আনবে। এই প্রথম প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। এর ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ হবে।

নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, ভোটারদের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে, যাতে ভোটদান পদ্ধতি সহজ হয়। পাশাপাশি প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য পৃথক মনিটরিং অ্যাপ ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় ‘নির্বাচন বন্ধু হটলাইন–৩৩৩’ চালু করা হয়েছে। প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ এবারের নির্বাচনকে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করবে।

ড. ইউনূস জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন, যা প্রমাণ করে যে দেশের গণতন্ত্রের ওপর আন্তর্জাতিক আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আগের তিনটি নির্বাচনে উল্লেখযোগ্য কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক আসেননি এবং সেসব নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন ছিল।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত বড় কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। প্রচার কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করছে।

সচিবদের উদ্দেশে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ১৮ মাসে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৩০টি অধ্যাদেশ প্রণয়ন ও বাস্তবায়নে তাদের ভূমিকা প্রশংসনীয়।

ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে আশাবাদ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সামনে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা দেশে কারখানা স্থাপনে আগ্রহী হবেন এবং তরুণ জনগোষ্ঠী এই উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে।

তিনি জানান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির ফলে বাংলাদেশে বিনিয়োগ করলে বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে, যা বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখবে।

শেষে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও সুন্দর, স্থিতিশীল ও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ