ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির পবিত্র শহর মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দাফনের আগে শেষ জানাজা ও শোকযাত্রায় অংশ নিতে ভোর থেকেই ইমাম রেজার মাজারমুখী সড়কগুলোতে হাজারো মানুষের সমাগম ঘটে। কঠোর […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির পবিত্র শহর মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দাফনের আগে শেষ জানাজা ও শোকযাত্রায় অংশ নিতে ভোর থেকেই ইমাম রেজার মাজারমুখী সড়কগুলোতে হাজারো মানুষের সমাগম ঘটে। কঠোর নিরাপত্তার মধ্যেও বিপুলসংখ্যক শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানান ইরানের প্রয়াত এই নেতাকে।
এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা সৃষ্টি হলেও খামেনির শেষকৃত্যের কর্মসূচি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকে।
দাফনের আগে একাধিক ধর্মীয় শহরে তার মরদেহ নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। কোমে শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতে মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন।
বুধবার (৮ জুলাই) নাজাফে শোকযাত্রা শেষে মরদেহ কারবালায় নেওয়া হয়। সেখানে ইমাম হোসেন (আ.) ও আল-আব্বাস (আ.)-এর মাজারে পৃথক শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে একই দিন রাতে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হয়।
এর মধ্যেই বুধবার রাতে ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। চলমান এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মাশহাদে আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: রয়টার্স ও প্রেস টিভি