অভিবাসন নীতিতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বা ‘বার্থরাইট সিটিজেনশিপ’ সীমিত করার লক্ষ্যে জারি করা তার নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায়ে ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত পদক্ষেপ কার্যত অকার্যকর হয়ে যায়। চলতি বছরে এটি ট্রাম্প প্রশাসনের […]
ছবি: সংগৃহীত
অভিবাসন নীতিতে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বা ‘বার্থরাইট সিটিজেনশিপ’ সীমিত করার লক্ষ্যে জারি করা তার নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ রায়ে ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত পদক্ষেপ কার্যত অকার্যকর হয়ে যায়।
চলতি বছরে এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় নীতিগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আদালতের রায়ে বাধার মুখে পড়ে। সর্বশেষ এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সেই আদেশই বহাল রেখেছে, যার মাধ্যমে ট্রাম্পের নির্বাহী নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নীতিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা-মায়ের কেউ যদি মার্কিন নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিনকার্ডধারী না হন, তাহলে সেই শিশুর জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব সরকারি সংস্থাগুলো স্বীকৃতি দেবে না। প্রশাসনের দাবি ছিল, সংবিধানের বর্তমান ব্যাখ্যা পরিবর্তনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনা সম্ভব হবে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাকারীরা যুক্তি দেন, ট্রাম্পের নির্দেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর সরাসরি পরিপন্থী। গৃহযুদ্ধের পর প্রণীত ওই সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী এবং দেশটির আইনি এখতিয়ারের আওতাভুক্ত প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকারী।
সমালোচকরা শুরু থেকেই এই নীতিকে বর্ণ ও অভিবাসী-বিরোধী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, এই উদ্যোগের মূল লক্ষ্য অবৈধ অভিবাসী এবং অস্থায়ী ভিসাধারী পরিবারগুলোর সন্তানদের নাগরিকত্বের অধিকার সীমিত করা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে ১৮৯৮ সালের ঐতিহাসিক ‘ইউনাইটেড স্টেটস বনাম ওং কিম আরক’ মামলার নজির তুলে ধরেন। ওই মামলায় আদালত রায় দিয়েছিল, বিদেশি নাগরিকদের সন্তান হলেও যদি তার জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে হয়, তাহলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে।
রায়ে প্রধান বিচারপতি উল্লেখ করেন, গত ১২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে এই সাংবিধানিক নীতিই অনুসরণ করা হচ্ছে এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার মতো কোনো সুস্পষ্ট সাংবিধানিক ভিত্তি আদালত খুঁজে পায়নি।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের ঠিক আগে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায় সামনে এলো। ফলে বিষয়টি রাজনৈতিক ও সাংবিধানিক উভয় দিক থেকেই বিশেষ গুরুত্ব পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নির্দেশ কার্যকর হলে প্রতিবছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় আড়াই লাখ শিশুর আইনি অবস্থান অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত। এসব শিশুর নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগও ঝুঁকির মুখে পড়তে পারত।
নিউ হ্যাম্পশায়ারে কয়েকজন অভিবাসী বাবা-মা এবং তাদের সন্তানদের যৌথ মামলার প্রেক্ষিতেই বিষয়টি আদালতে গড়ায়। পরে একাধিক অঙ্গরাজ্য, মানবাধিকার সংগঠন এবং অভিবাসী অধিকারকর্মীরাও এই আইনি লড়াইয়ে যুক্ত হন।
আদালতের এই রায়কে অভিবাসী অধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের সাংবিধানিক মূল্যবোধ এবং দীর্ঘদিনের আইনি ঐতিহ্যের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে রিপাবলিকান শিবিরের একটি অংশ মনে করছে, অভিবাসন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত শুধু জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নেই নয়, ভবিষ্যতে অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্কেও বড় প্রভাব ফেলবে।
তথ্যসূত্র: রয়টার্স