ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মোকাবিলায় তার সরকারি গাড়িবহরের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ব্যয় সংকোচন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপকে নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে। তবে নতুন কোনো গাড়ি কেনা […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মোকাবিলায় তার সরকারি গাড়িবহরের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ব্যয় সংকোচন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপকে নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে। তবে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। নিরাপত্তা সংস্থা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকল অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে।
মোদির এই উদ্যোগ বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যেও প্রভাব ফেলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও সরকারি গাড়িবহর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি প্রশাসনিক মিতব্যয়িতা ও জ্বালানি ব্যবহারে সংযমের একটি প্রতীকী বার্তা।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদি অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং জাতীয় সম্পদ সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন। বর্তমান সিদ্ধান্তকে সেই নীতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মূলত ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক বেড়ে যাওয়ার পর ভারতের সরকার জ্বালানি সাশ্রয় ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণে চাপের মুখে পড়েছে। গত রবিবার জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে মোদি জনগণকে “জাতীয়ভাবে দায়িত্বশীল” জীবনযাপনের আহ্বান জানান।
তিনি বলেন, অপ্রয়োজনীয় আমদানি কমাতে হবে এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। বিদেশ নির্ভরতা কমানো ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষার জন্য আগামী এক বছর অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান মোদি। পাশাপাশি বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের অনুষ্ঠান নিরুৎসাহিত করে দেশীয় পর্যটন খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দেন।
তার ভাষায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা করাও এক ধরনের দেশপ্রেম। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় নাগরিকদের সাময়িক আত্মত্যাগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।