দক্ষিণ লেবাননে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বিন্ত জেবেইল দখলের খুব কাছাকাছি পৌঁছে গেছে তাদের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েকদিন ধরে ওই এলাকায় ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছে এবং সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বিন্ত জেবেইল দখলের খুব কাছাকাছি পৌঁছে গেছে তাদের সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েকদিন ধরে ওই এলাকায় ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই চলছে এবং সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
ইসরাইল সীমান্তের কাছাকাছি অবস্থান হওয়ায় বিন্ত জেবেইলকে সামরিক ও প্রতীকী—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ মনে করা হয়। দীর্ঘদিন ধরেই এটি সীমান্ত উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
নেতানিয়াহু আরও জানান, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সেনাবাহিনীকে নতুন নির্দেশনা দিয়েছেন। তার বক্তব্যে লেবাননের ভেতরে সামরিক অভিযান বিস্তারের ইঙ্গিতও স্পষ্টভাবে উঠে এসেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান-সংক্রান্ত যোগাযোগ ও কূটনৈতিক অগ্রগতির বিষয়ে নিয়মিত ইসরাইলকে অবহিত করছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা মাথায় রেখে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও জানান তিনি।
দক্ষিণ লেবাননে সংঘাতের এই নতুন মোড় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে সীমান্তবর্তী শহরগুলোতে লড়াই ছড়িয়ে পড়ায় বড় ধরনের মানবিক ও সামরিক সংকটের আশঙ্কা বাড়ছে।