সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় একটি স্কি রিসোর্টের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১৫ জন, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা এলাকায় অবস্থিত একটি স্কি রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের বারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে […]
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় একটি স্কি রিসোর্টের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১৫ জন, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা এলাকায় অবস্থিত একটি স্কি রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের বারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবরে জানানো হয়, আহতদের মধ্যে অন্তত ৬০ জনকে সিওন হাসপাতালের বিভিন্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের পার্শ্ববর্তী হাসপাতাল ও বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অনেক আহতের অবস্থা এখনও সংকটাপন্ন।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর ধারণা, শ্যাম্পেনের বোতলের ওপরে রাখা একটি ‘জন্মদিনের মোমবাতি’ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এ ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে বারে আগুন লাগে। স্থানীয়দের মতে, বারটি বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে জরুরি পরিষেবা বাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে, একের পর এক অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে ভিড় করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও তদন্তে এখন পর্যন্ত এটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই মনে হচ্ছে। পুরো ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।