সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৭ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

নোবেল বিজয়ী ক্রুগম্যানের সতর্কবার্তা: ট্রাম্পের বাণিজ্য নীতিতে দরিদ্র হবে আমেরিকানরা

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি ও আক্রমণাত্মক কূটনৈতিক কৌশল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তিনি মনে করেন, ট্রাম্পের শুল্ককেন্দ্রিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনা বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। একটি সাম্প্রতিক বিশ্লেষণে ক্রুগম্যান বলেন, ট্রাম্প যদিও সাম্প্রতিক সময়ে […]

নোবেল বিজয়ী ক্রুগম্যানের সতর্কবার্তা: ট্রাম্পের বাণিজ্য নীতিতে দরিদ্র হবে আমেরিকানরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি ও আক্রমণাত্মক কূটনৈতিক কৌশল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তিনি মনে করেন, ট্রাম্পের শুল্ককেন্দ্রিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনা বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে।

একটি সাম্প্রতিক বিশ্লেষণে ক্রুগম্যান বলেন, ট্রাম্প যদিও সাম্প্রতিক সময়ে ‘সাশ্রয়ী মূল্য’ ও খরচ নিয়ন্ত্রণের কথা বলছেন, বাস্তবে তার বাণিজ্য কৌশল সবচেয়ে বেশি চাপ তৈরি করছে সাধারণ আমেরিকান ভোক্তাদের ওপর। যারা ইতোমধ্যেই উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে রয়েছেন, তাদের জন্য শুল্কনীতি আরও বোঝা হয়ে উঠবে।

ক্রুগম্যানের এই আশঙ্কার সঙ্গে একমত হয়েছেন অন্যান্য অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরাও। মুডিজ অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি সতর্ক করে বলেছেন, অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। একইভাবে বিশ্বখ্যাত হেজ ফান্ড ব্যবস্থাপক রে দালিও ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের নীতির ফলে বৈশ্বিক পর্যায়ে ‘পুঁজি যুদ্ধ’ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের এক পোস্টে ক্রুগম্যান ট্রাম্পের নীতির মূল সমস্যার দিকটি তুলে ধরে বলেন, অন্যান্য দেশকে জোর করে চুক্তি করতে বাধ্য করার প্রবণতাই সবচেয়ে বিপজ্জনক। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এখন অনেক দেশের কাছে এক ধরনের হুমকি বা ‘হিংসাত্মক আচরণে’ রূপ নিচ্ছে। এর ফল হিসেবে বিশ্ব এক ধরনের অর্থনৈতিক ‘ডিভোর্স’-এর দিকে এগোচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ক্রমেই একঘরে হয়ে পড়বে এবং এর সরাসরি খেসারত দিতে হবে আমেরিকান জনগণকে। ক্রুগম্যান বলেন, “এর ফলে আমেরিকানরা পরিমাপযোগ্যভাবে দরিদ্র হয়ে যাবে।”

তার মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদাররা নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে এবং যুক্তরাষ্ট্রের বাজারকে এড়িয়ে চলার প্রবণতা বাড়বে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ট্রাম্প আরোপিত শুল্কের প্রায় পুরো খরচই ইতোমধ্যে মার্কিন ভোক্তাদের বহন করতে হচ্ছে। শুল্কনীতির এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আমেরিকানদের বারবার ‘মূল্য পরিশোধ’ করতে হবে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে বাণিজ্যসংক্রান্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে ক্রুগম্যান বলেন, অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের বাজারকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এর মধ্যেই ট্রাম্প বিনিয়োগ নিয়ে বড় ধরনের দাবি করেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন, যা তার দাবি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চার বছরের বিনিয়োগের তুলনায় ১৮ গুণ বেশি।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে ট্রাম্প তার অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, শুল্ক বা ট্যারিফ নীতিকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেই এই বিপুল বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হয়েছে। তার দাবি, জো বাইডেনের চার বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলারেরও কম বিনিয়োগ এসেছিল, সেখানে বর্তমান প্রশাসন এক বছরের মাথায় ১৮ ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমদানিকৃত পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপের মাধ্যমেই বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বাধ্য করা হয়েছে। তিনি এটিকে বিশ্ব অর্থনীতির ইতিহাসে নজিরবিহীন সাফল্য বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, ২০২৫ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে মোট বিনিয়োগের পরিমাণ ২০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করে। পরবর্তীতে কিছু দেশের ক্ষেত্রে শুল্কহার আংশিক পরিবর্তন করা হলেও ট্রাম্পের মতে, এই কঠোর বাণিজ্যনীতিই যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মূল চালিকাশক্তি।

তবে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, বিনিয়োগের এই দাবি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা যাচাই করা প্রয়োজন। তাদের মতে, শুল্কনির্ভর কৌশল স্বল্পমেয়াদে কিছু বিনিয়োগ আকর্ষণ করলেও দীর্ঘমেয়াদে তা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: বিজনেস ইনসাইডার, তাস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ