কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য টোল ফি মওকুফ করেছে ইরান। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে এ নীতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, […]
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য টোল ফি মওকুফ করেছে ইরান। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে এ নীতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই সুবিধা কার্যকর করতে কাজ করছে, যার মধ্যে রাশিয়া অন্যতম।
ইরানি কর্তৃপক্ষ যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল আরোপের কথা বলে আসছিল। সম্প্রতি দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই প্রথমবারের মতো টোল আদায়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে আদায়কৃত অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। তবে জাহাজপ্রতি টোলের পরিমাণ বা মোট রাজস্বের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর অঞ্চলে সাম্প্রতিক জাহাজ জব্দের পাল্টাপাল্টি ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে কিছু দেশকে টোল মওকুফের সিদ্ধান্ত কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
তবে তেল ও জ্বালানিবাহী জাহাজকে ঘিরে সৃষ্ট এই উত্তেজনা কবে প্রশমিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।