বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি জনপ্রিয় নাম। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার চলচ্চিত্র দর্শক ও সমালোচক—উভয়ের কাছেই প্রশংসিত হয়। বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় ‘মোয়ানা ২’, যা বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে নতুন রেকর্ড গড়ে। এবার সেই জনপ্রিয় গল্পই ফিরছে […]
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ একটি জনপ্রিয় নাম। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার চলচ্চিত্র দর্শক ও সমালোচক—উভয়ের কাছেই প্রশংসিত হয়। বক্স অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় ‘মোয়ানা ২’, যা বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে নতুন রেকর্ড গড়ে।
এবার সেই জনপ্রিয় গল্পই ফিরছে লাইভ-অ্যাকশন সংস্করণে। অ্যানিমেশনের পরিবর্তে বাস্তব অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে আধুনিক ভিজ্যুয়াল এফেক্টস ও সীমিত অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘মোয়ানা’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ১০ জুলাই। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি প্রদর্শিত হবে।
লাইভ-অ্যাকশন সংস্করণের সবচেয়ে আলোচিত চরিত্র মাউই। এই ভূমিকায় অভিনয় করেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণেও এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনিই। ডোয়াইন জনসনের ভাষায়, মাউই শুধু একটি চরিত্র নয়, এটি পলিনেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ প্রতীক। দীর্ঘদিন কণ্ঠ দেওয়ার পর এবার ক্যামেরার সামনে একই চরিত্রে অভিনয় করাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন।
চলচ্চিত্রের গল্পের কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা। নিজের দ্বীপ ও জনগণকে রক্ষার জন্য সে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু কিছুটা অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা প্রতিকূলতা অতিক্রম করে তারা প্রকৃতির ভারসাম্য পুনরুদ্ধারের চেষ্টা করে।
অ্যানিমেটেড সংস্করণের মতোই নতুন ছবিতেও পরিবার, দায়িত্ববোধ, সাহস, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই উচ্ছ্বাস দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন, লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে।