ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে ক্ষমতায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বেশ কয়েকটি জরিপে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে। বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থা সম্ভাব্য ফল প্রকাশ করে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। […]
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে ক্ষমতায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বেশ কয়েকটি জরিপে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে।
বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থা সম্ভাব্য ফল প্রকাশ করে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
এবার পশ্চিমবঙ্গে ভোটদানের হারও ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ভোট পড়েছিল প্রায় ৮৯ দশমিক ৯৯ শতাংশ, যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
মোট ছয়টি জরিপ সংস্থার প্রকাশিত ফলাফলের মধ্যে চারটি বিজেপির পক্ষে আভাস দিয়েছে। অন্যদিকে দুটি জরিপে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে।
‘প্রজা পোল’ নামের একটি জরিপে বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন।
‘পি-মার্ক’ জরিপেও বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি দেখানো হয়েছে। সংস্থাটির মতে, বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন, আর তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন।
এছাড়া ‘ম্যাট্রিজ’, ‘পোল ডায়েরি’ ও ‘চাণক্য স্ট্র্যাটেজিস’-এর জরিপেও বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে ‘জনমত পোল’ তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে এগিয়ে রেখেছে। তাদের জরিপ অনুযায়ী, মমতা ব্যানার্জির দল ১৯৫ থেকে ২০৫টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন।
‘পিপলস পালস’ জরিপেও তৃণমূলকে এগিয়ে দেখানো হয়েছে। সেখানে দলটি ১৭৭ থেকে ১৭৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপিকে সেই সীমা অতিক্রম করতে দেখা গেলেও, অতীতে অনেক সময় এসব জরিপের ফল চূড়ান্ত ফলাফলের সঙ্গে মেলেনি। তাই এখন সবার নজর ৪ মে’র আনুষ্ঠানিক ফল ঘোষণার দিকে।