দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম […]
ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ব্রেন ক্যানসার ধরা পড়ে।
এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রথম ধাপে তাঁকে সপ্তাহে পাঁচ দিন করে টানা ১২ সপ্তাহে প্রায় ৬০টি কেমোথেরাপি নিতে হয়েছে। অত্যন্ত ধকলের সেই চিকিৎসা পর্ব শেষ হওয়ার পর বর্তমানে তিনি ওরাল থেরাপির দ্বিতীয় ধাপে রয়েছেন।
ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পরও তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকেরা আশাবাদী যে চলমান থেরাপি শেষ হলে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
চিকিৎসকদের মতে, ক্যানসার আক্রান্ত অংশটি এখনো মস্তিষ্কের একই স্থানে রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি। বর্তমানে তাঁর দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে। এরপর নতুন করে তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
প্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবার ও নিসচার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।