ভারতের বিরুদ্ধে ফের তীব্র ভাষায় আক্রমণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।’ বৃহস্পতিবার (৭ মে) দ্য ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘মারকা-ই-হক’-এর এক […]
ভারতের বিরুদ্ধে ফের তীব্র ভাষায় আক্রমণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।’
বৃহস্পতিবার (৭ মে) দ্য ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল শাফাআত আলী এবং বিমানবাহিনীর উপপ্রধান (প্রকল্প) এয়ার ভাইস মার্শাল তারিক গাজী।
গত বছরের ২২ এপ্রিল পেহেলগাম হামলা থেকে শুরু করে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ এবং ১০ মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার যে অধ্যায় শেষ হয়, পাকিস্তান সেটিকে ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ নামে উল্লেখ করে আসছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই আহমেদ শরিফ চৌধুরী দেশবাসীকে ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তির শুভেচ্ছা জানান। তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং একাধিক সামরিক অভিযানের মাধ্যমে শত্রুকে পরাজিত করেছে। তার ভাষায়, “আজ আমরা কী হয়েছিল তা নিয়ে খুব বেশি কথা বলব না। বরং ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময় নিয়ে বেশি আলোচনা করব।”
তিনি আরও জানান, এই সংঘাতের “কৌশলগত পরিণতি” তুলে ধরা হবে। আইএসপিআর প্রধান বলেন, ‘মারকা-ই-হক’-এর ১০টি কৌশলগত পরিণতি রয়েছে। তার মতে, প্রথম পরিণতি হলো— পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে দেখানোর ভারতীয় বয়ান ভেঙে পড়েছে। তিনি অভিযোগ করেন, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে উপস্থাপন করার চেষ্টা হয়েছিল। তার প্রশ্ন, ‘(পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার) প্রমাণ কোথায়?’
এরপর তিনি আবারও বলেন, ‘কেউ এটা বিশ্বাস করে না। সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।’ তিনি দাবি করেন, দ্বিতীয় কৌশলগত পরিণতি হলো— পুরো অঞ্চলে পাকিস্তান এখন নিরাপত্তা স্থিতিশীলতার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার কথায়, “এই অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা দূত হলো পাকিস্তান এবং পাকিস্তানের বর্তমান নেতৃত্ব।”
ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে তৃতীয় কৌশলগত পরিণতির কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, “ভারতীয় সামরিক নেতৃত্বের রাজনীতিকরণ এবং রাজনৈতিক নেতৃত্বের সামরিকীকরণ” ঘটেছে। তিনি বলেন, “ওদের সামরিক বাহিনী আগে পেশাদার ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন তা রাজনীতিকরণ হয়েছে।”
তিনি আরও মন্তব্য করেন, ভারতীয় রাজনীতিকদের বক্তব্য দেখে মনে হয় তারা যুদ্ধবাজ। তার মতে, সামরিক বাহিনীর রাজনীতিকরণ এবং রাজনীতির সামরিকীকরণ বিপজ্জনক।
আইএসপিআর প্রধান দাবি করেন, ভারতের অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্যে সংখ্যালঘু ও কাশ্মীরিদের দমন-পীড়ন অন্যতম। তার ভাষায়, এটি এক ধরনের ভ্রান্ত শ্রেষ্ঠত্ববোধ ও অহংকারের ফল। তিনি আরও বলেন, ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান না করে উল্টো পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলে।
কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, “কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ অঞ্চল। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় যে সেখানে জনসংখ্যার চিত্র বদলে দেয়া হবে।” একইসঙ্গে তিনি আবারও অভিযোগ করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে এবং নিজেদের দেশে কোনো হামলার পর অন্যদের দোষারোপ করে।
তার দাবি, “মারকা-ই-হক”-এর পর বিশ্ব এখন ভারতের এসব “ভণ্ডামিপূর্ণ কাজ” বুঝে গেছে। পঞ্চম কৌশলগত পরিণতি হিসেবে তিনি ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তার মতে, ভারতের সংবাদমাধ্যমের আসল রূপ এবং তথ্যযুদ্ধে তাদের ব্যর্থতা প্রকাশ পেয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সন্ত্রাসবিরোধী অভিযানের বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেন। তার দাবি, “মারকা-ই-হক”-এর পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যায়। পরে অক্টোবরে পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, এরপর হামলার ঘটনা কমে আসে।
তিনি আরও বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের ভূমিকা রয়েছে এবং আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, “মারকা-ই-হকে শিক্ষা পাওয়ার পর ভারত কাকে ফোন করেছিল, দেখেছেন? আফগান তালেবান সরকারের তথাকথিত পররাষ্ট্রমন্ত্রীকে।”
তথ্যসূত্র: দ্য ডন