সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১৫ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের

বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনা নয়, বরং মধ্যস্থতার মাধ্যমেই যোগাযোগ চালাবে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সফরের মূল লক্ষ্য ইরানের […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনা নয়, বরং মধ্যস্থতার মাধ্যমেই যোগাযোগ চালাবে তারা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সফরের মূল লক্ষ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে সমঝোতার পথ খোঁজা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রয়োজনে আলোচনায় যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

এর আগেই ইসলামাবাদে পৌঁছান আরাগচি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তাদের অবস্থান ও প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

এই কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানিতে মার্কিন বাধার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে কয়েক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা এ পরিস্থিতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখনো একটি কার্যকর চুক্তির সুযোগ রয়েছে, তবে এজন্য তাদের যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে।

অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান হয়তো একটি নতুন প্রস্তাব প্রস্তুত করছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারে—যদিও সেই প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত সংকট কমাতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ