ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের পারিবারিক সম্পদ এখন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের চেয়েও বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো। প্রতিবেদনে বলা হয়েছে, বেকহাম পরিবারের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ হাজার ১৫৫ কোটি টাকা। […]
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের পারিবারিক সম্পদ এখন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের চেয়েও বেশি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো।
প্রতিবেদনে বলা হয়েছে, বেকহাম পরিবারের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১ দশমিক ১৮৫ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ হাজার ১৫৫ কোটি টাকা। অন্যদিকে রাজা চার্লস তৃতীয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬৮০ মিলিয়ন পাউন্ড।
ফুটবল বিনিয়োগ, ফ্যাশন ব্যবসা, ব্র্যান্ড চুক্তি এবং বিভিন্ন মিডিয়া প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে বেকহাম পরিবারের সম্পদ দ্রুত বেড়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে ডেভিড বেকহামের বিনিয়োগ এই সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। ২০২৩ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
ডেভিড বেকহাম ক্লাবটির সহ-মালিক হিসেবে শুরু থেকেই এর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি ভিক্টোরিয়া বেকহামের ফ্যাশন ও বিউটি ব্যবসাও পরিবারের আয়ের বড় উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া নিজের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন।
বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বেকহাম পরিবার বিপুল আয় করছে। এ ছাড়া বেকহাম নামের একটি তথ্যচিত্রভিত্তিক সিরিজও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেখানে ডেভিড বেকহামের ফুটবল ক্যারিয়ার, পারিবারিক জীবন এবং বৈশ্বিক খ্যাতির গল্প তুলে ধরা হয়।
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পরও ডেভিড বেকহাম বিশ্বের অন্যতম পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।