সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৫ অপরাহ্ন, ২০ মে ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : চীনে গোপনে প্রশিক্ষণ নিয়েছে রুশ সেনারা

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার সামরিক ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে জানা গেছে, গত বছরের শেষ দিকে চীনের সেনাবাহিনী গোপনে প্রায় ২০০ জন রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের একটি অংশ পরে আবার ইউক্রেন যুদ্ধে ফিরে গেছে বলে দাবি করা হয়েছে। গোপন এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : চীনে গোপনে প্রশিক্ষণ নিয়েছে রুশ সেনারা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার সামরিক ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে জানা গেছে, গত বছরের শেষ দিকে চীনের সেনাবাহিনী গোপনে প্রায় ২০০ জন রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের একটি অংশ পরে আবার ইউক্রেন যুদ্ধে ফিরে গেছে বলে দাবি করা হয়েছে।

গোপন এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার, কৌশলগত সমন্বয় এবং যুদ্ধ পরিচালনার নতুন পদ্ধতি। বিষয়টি নিয়ে একাধিক নথি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, বেইজিংসহ চীনের বিভিন্ন সামরিক স্থাপনায় এবং পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। ২০২৫ সালের ২ জুলাই স্বাক্ষরিত একটি রুশ-চীনা দ্বিভাষিক চুক্তিতেও এ ধরনের কর্মসূচির উল্লেখ ছিল বলে জানা গেছে। ওই চুক্তি অনুযায়ী, একই সংখ্যক চীনা সেনাকে রাশিয়ার সামরিক স্থাপনাতেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ছিল।

একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে হলেও আরও গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধকৌশল উন্নত হওয়ার কারণে যুদ্ধক্ষেত্রে এর প্রভাব বাড়ছে।

তবে চীন নিজেদের অবস্থান বরাবরই নিরপেক্ষ বলে দাবি করে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকটে তারা শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং কোনো পক্ষের সংঘাতে সরাসরি জড়িত নয়।

ইউরোপীয় দেশগুলো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া ও চীনের সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা বাড়তে থাকলে তা ইউরোপীয় নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকেই বেইজিং ও মস্কোর সম্পর্ক আরও গভীর হয়। ওই বছর যুদ্ধ শুরুর ঠিক আগে দুই দেশ নিজেদের সম্পর্ককে সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব হিসেবে ঘোষণা করেছিল।

বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। ইউক্রেন যুদ্ধে এর ব্যাপক ব্যবহার যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোন হামলা এখন প্রচলিত ট্যাংক ও স্থলযুদ্ধের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাশিয়ার ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তার অভিযোগও উঠে এসেছিল। যদিও চীন এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

বর্তমানে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে যখন নতুন করে বিতর্ক চলছে, তখন চীন-রাশিয়ার এই সামরিক সহযোগিতার তথ্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ