লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় নৌকাটি ইউরোপের পথে ছিল এবং লিবিয়ার জলসীমার মধ্যেই বিপর্যয়ের মুখে পড়ে। পরে একটি বাণিজ্যিক জাহাজ ৩২ জনকে জীবিত উদ্ধার করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, […]
ছবি: সংগৃহীত
লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় নৌকাটি ইউরোপের পথে ছিল এবং লিবিয়ার জলসীমার মধ্যেই বিপর্যয়ের মুখে পড়ে। পরে একটি বাণিজ্যিক জাহাজ ৩২ জনকে জীবিত উদ্ধার করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যায়।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ থাকতে পারে। নৌকাটি শুক্রবার (৩ এপ্রিল) রাতে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে যাত্রা শুরু করে এবং শনিবার (৪ এপ্রিল) সকালে দুর্ঘটনায় পড়ে।
উদ্ধার হওয়া কয়েকজন জানান, সমুদ্রে সে সময় আবহাওয়া ছিল ভয়াবহ রকম প্রতিকূল। বড় ঢেউয়ের ধাক্কায় নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সেটি উল্টে যায়।
জার্মান সংগঠন সি-ওয়াচ জানায়, শনিবার তারা একটি বিমানের মাধ্যমে ভূমধ্যসাগরের মাঝামাঝি এলাকায় বিপদে থাকা একটি নৌকার সন্ধান পায়। পরে ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া কাঠের নৌকার পাশে প্রায় ১৫ জনকে পানিতে ভাসতে দেখা যায় এবং কয়েকটি মরদেহও শনাক্ত করা হয়।
ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো দ’আররিগো জানান, উদ্ধার অভিযানে লিবিয়ার কর্তৃপক্ষও অংশ নেয়। এ কাজে একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজ ব্যবহার করা হয়। উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও মিসরের নাগরিকও রয়েছেন। পরে তাদের ইতালীয় কোস্টগার্ডের জাহাজে স্থানান্তর করে ল্যাম্পেদুসায় নেওয়া হয়। এ ঘটনায় দুটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেন, নৌকাটি এমন সমুদ্রযাত্রার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। উদ্ধারপ্রাপ্তদের বয়ান অনুযায়ী, এখনও প্রায় ৭০ জনের খোঁজ মেলেনি। তবে এ সংখ্যা আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে আইওএম ধারণা করছে, নৌকাটিতে মোট ১২০ জন থাকতে পারে। সে ক্ষেত্রে ঘটনাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিবাসী নৌ-দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে ইতালীয় সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান বলেছে, এই দুর্ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না; বরং এটি ইউরোপীয় দেশগুলোর কঠোর নীতির ফল, কারণ তারা নিরাপদ ও বৈধ অভিবাসনপথ তৈরিতে যথেষ্ট উদ্যোগী নয়।
সিআরডির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৩ হাজার ৪৫০ জনের বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। শুধু চলতি বছরেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে।