লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি চেয়ে) বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনার অনুমোদনে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় অনুমোদন বা সংশ্লিষ্ট প্রমাণপত্র না থাকায় আবেদনটির সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সেটি ঢাকায় […]
ছবি: সংগৃহীত
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি চেয়ে) বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনার অনুমোদনে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় অনুমোদন বা সংশ্লিষ্ট প্রমাণপত্র না থাকায় আবেদনটির সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সেটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইলটি হাইকমিশনে পৌঁছায়। চিঠিটি ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে কী কী আনুষ্ঠানিকতা ও নথিপত্র প্রয়োজন, সে বিষয়েও জানতে চেয়েছেন আইনজীবী।
তবে হাইকমিশনে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার সম্মতি বা অনুমোদনের কোনো দলিল কিংবা প্রমাণ দেওয়া হয়নি। ফলে তিনি নিজে আবেদনটি করেছেন কি না, তা নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান ঢাকা স্ট্রিমকে বলেন, ই-মেইলে পাঠানো চিঠিটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চিঠিটি অসম্পূর্ণ এবং ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এ কারণে বিষয়টি পরবর্তী নির্দেশনার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
এদিকে, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান এবং আদালতে আত্মসমর্পণ করবেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাও বলেছেন, দেশে ফেরার তারিখ ও আনুষ্ঠানিকতা পরে জানানো হবে।
তবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেই দেশে ফেরার পথ নিশ্চিত হচ্ছে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিচারাধীন ও ঘোষিত রায়ের বিষয়টি ছাড়াও তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইন অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে চায় সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও এ ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদনের সত্যতা, তাঁর নাগরিকত্বের অবস্থা এবং নতুন নথি পাওয়ার আইনি যোগ্যতা খতিয়ে দেখছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করছে। তবে এখন পর্যন্ত আবেদনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আবেদনটিকে রাজনৈতিক পদক্ষেপ বা ‘পলিটিক্যাল স্টান্ট’ হিসেবে মন্তব্য করেছেন বলে এএফপি জানিয়েছে। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা আবেদনটিকে তাঁর অধিকার পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে দেখছেন।
সব মিলিয়ে, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।