মার্ভেলপ্রেমীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে দেখা যাবে নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেলেও তার আগের দিন, অর্থাৎ ৩০ জুলাই, বাংলাদেশে প্রদর্শিত হবে সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের আগে বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় নতুন এই সুপারহিরো ছবি দেখার […]
ছবি: সংগৃহীত
মার্ভেলপ্রেমীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে দেখা যাবে নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেলেও তার আগের দিন, অর্থাৎ ৩০ জুলাই, বাংলাদেশে প্রদর্শিত হবে সিনেমাটি।
বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের আগে বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় নতুন এই সুপারহিরো ছবি দেখার সুযোগ পাচ্ছেন।
মার্ভেল সিনেমাটিক জগতের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা এটি। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ছবিতে আবারও পিটার পার্কারের চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এমজে চরিত্রে থাকছেন জেন্ডায়া। পাশাপাশি মার্ক রাফেলো আবারও ফিরছেন হাল্ক চরিত্রে।
নতুন এই কিস্তিতে আরও দেখা যাবে কয়েকটি চমকপ্রদ মুখ। এর মধ্যে আছেন ইমান এসফান্ডি এবং সেডি সিঙ্ক। এছাড়া জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর ফ্র্যাঙ্ক ক্যাসেল চরিত্রে জন বার্নথালও ফিরছেন বড় পর্দায়।
নতুন ছবির কাহিনি ‘নো ওয়ে হোম’-এর চার বছর পরের সময়কে কেন্দ্র করে এগিয়েছে। ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর পর গোটা বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে গেছে। একা হয়ে যাওয়া পিটার এখন বেনামে নিউইয়র্ককে রক্ষা করছে এবং একই সঙ্গে নতুন এক বিপজ্জনক হুমকির মুখোমুখি হচ্ছে।
সিনেমায় পিটার পার্কারের মানসিক দ্বন্দ্ব, একাকিত্ব এবং দায়িত্ববোধের নতুন অধ্যায় তুলে ধরা হয়েছে। ভিজ্যুয়াল এফেক্টসের পাশাপাশি গল্পেও এবার থাকছে আরও বেশি আবেগ, উত্তেজনা ও অ্যাকশন।
সিনেমাটির শুটিং হয়েছে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায়, যা এটিকে প্রযুক্তিগত দিক থেকে আরও বিশেষ করে তুলেছে বলে নির্মাতারা জানিয়েছেন।
বাংলাদেশে আগে মুক্তির এই সিদ্ধান্তকে স্থানীয় দর্শকদের জন্য বড় চমক হিসেবে দেখছেন চলচ্চিত্রপ্রেমীরা।