বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে রোহিত শেঠির বাড়ির সামনে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের […]
ছবি: সংগৃহীত
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে রোহিত শেঠির বাড়ির সামনে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জুহু এলাকার বাসিন্দাদের মধ্যে।
ঘটনার পরপরই মুম্বাই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
মুম্বাই পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, “রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অপরাধীদের শনাক্ত ও ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে আমরা সব সম্ভাব্য দিক থেকে তদন্ত চালাচ্ছি।”
এর আগে ২০২৪ সালের এক ভোরে বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার বাড়ির সামনেও একই ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় দুই ব্যক্তি চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।
পরপর দুই শীর্ষ বলিউড ব্যক্তিত্বের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রোহিত শেঠির বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।