জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক আছে, এমনকি এর জন্য নির্বাচিত সময়টিও […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আমরা মনে করি না যে এই প্রস্তাবের বিষয়বস্তু সঠিক আছে, এমনকি এর জন্য নির্বাচিত সময়টিও মোটেও উপযুক্ত নয়।’
ফু চং আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কোনো প্রস্তাব পাস করা সংকটের সমাধানে বিন্দুমাত্র সহায়ক হবে না।’
কূটনৈতিক সূত্রগুলোর মতে, খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলা হলে চীন ও রাশিয়া যৌথভাবে এতে ভেটো দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সব ধরনের সামরিক হামলা এবং মাইন স্থাপন বন্ধ করার দাবি জানানো হয়েছে।
তবে কূটনীতিকদের মতে, প্রস্তাবটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম। কারণ গত মাসেও একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিপক্ষে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।
সে সময় দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রস্তাবের ভাষা ও শর্ত একপেশে এবং তা ইরানের ওপর এককভাবে দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
জাতিসংঘবিষয়ক সংবাদমাধ্যম ‘পাসব্লু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফু চং বলেন, ‘এই মুহূর্তে একপেশে নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাব পাসের চেয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা বেশি জরুরি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত উভয় পক্ষকে একটি আন্তরিক ও গভীর কূটনৈতিক আলোচনায় বসতে উৎসাহিত করা, যার মাধ্যমে সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব।’
ফু চং সতর্ক করে বলেন, ‘এই জটিল মুহূর্তে নিরাপত্তা পরিষদে কোনো জোড়াতালির প্রস্তাব পাস করা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে, যা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।’