সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৪ অপরাহ্ন, ১১ মে ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম: পার হতে লাগবে বিশেষ অনুমতি ও টোল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন কঠোর নিয়ম চালু করেছে ইরান। নতুন ব্যবস্থায় এই জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি নৌযানকে তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি বা পারমিট নিতে হবে। একই সঙ্গে নির্ধারিত টোলও পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার […]

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম: পার হতে লাগবে বিশেষ অনুমতি ও টোল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন কঠোর নিয়ম চালু করেছে ইরান। নতুন ব্যবস্থায় এই জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি নৌযানকে তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি বা পারমিট নিতে হবে। একই সঙ্গে নির্ধারিত টোলও পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত থমকে যায়। পরবর্তী সময়ে সাময়িক যুদ্ধবিরতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এই জলপথ আবারও আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে।

নৌচলাচলবিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা ‘লয়েডস লিস্ট’-এর বরাত দিয়ে জানা গেছে, ইরান ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ নামে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠন করেছে। এই কাঠামোর অধীনে হরমুজ প্রণালি পার হতে হলে নৌযানকে ৪০টিরও বেশি তথ্যসম্বলিত একটি ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ জমা দিতে হবে।

এই ফরমে জাহাজের মালিকানা, বিমা, ক্রু, বহনকৃত পণ্য, যাত্রার শুরু, গন্তব্য এবং অন্যান্য কারিগরি তথ্য দিতে হবে। যাচাই-বাছাই শেষে ইরান অনুমতি দিলেই কেবল ওই জাহাজকে প্রণালি অতিক্রম করার ছাড়পত্র দেওয়া হবে। তবে টোলের হার কত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই পদক্ষেপকে দেশটির সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে তুলে ধরছে। পিজিএসএ-এর পক্ষ থেকে নৌযানগুলোর কাছে ই-মেইলে জানানো হয়েছে, ফরমে দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার দায় সম্পূর্ণভাবে আবেদনকারীকেই বহন করতে হবে।

শনিবার (৯ মে) এক ইরানি সামরিক কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানান, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের জন্য এখন এই জলপথ ব্যবহার আরও কঠিন হয়ে উঠতে পারে। তার ভাষায়, এখন থেকে সব নৌযানকে ইরানের সঙ্গে সমন্বয় করেই প্রণালি পার হতে হবে।

বিশ্লেষকদের মতে, ওমান ও ইরানের মাঝামাঝি এই সরু জলপথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবাহিত হয়। ফলে ইরানের নতুন নিয়ম বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্যিক চলাচল এবং তেলের দাম—সবকিছুর ওপর বড় প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ