আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই […]
ছবি: সংগৃহীত
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে। রাজধানীর নির্বাচন ভবনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে এসব নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করা প্রয়োজন। সেই লক্ষ্যেই অক্টোবরকে সামনে রেখে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান তিনি। তার ভাষ্য, উপজেলা পরিষদ গঠনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। তাই এ দুটি নির্বাচন শেষ করে পরে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব, বর্ষা মৌসুম এবং বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি পর্যালোচনা করেই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।
সরকারের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে এখনো কোনো চিঠি আসেনি। তবে নির্বাচন কমিশন নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হলে স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। তার মতে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন করতে এ সময় প্রয়োজন হতে পারে।
নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের মতামত সংগ্রহের পর প্রয়োজনীয় সংশোধন এনে চূড়ান্ত করা হবে।
সংশোধিত বিধিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকছে না। পাশাপাশি জাতীয় নির্বাচনের মতো পোস্টার ব্যবহারের সুযোগও থাকবে না।
বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান আব্দুর রহমানেল মাছউদ।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের দায়িত্বে রাখার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অঞ্চলভিত্তিক ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তী ধাপের নিরাপত্তা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম নির্বাচনটিকে গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছে। স্থানীয় সরকার নির্বাচনেও একই মান বজায় রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে তুলনামূলকভাবে বেশি সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংসদে জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান।
সূত্র: বাসস