অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা বারোটায় পৌঁছামাত্র তিনি বেদীর সামনে দাঁড়িয়ে নীরবতা […]
ছবি: সংগৃহীত
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা বারোটায় পৌঁছামাত্র তিনি বেদীর সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
এরপর রাত ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপরিবারে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। রাত ১২টা ৭ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিবেশে ভেসে ওঠে অমর সংগীত— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—যা উপস্থিত সবার আবেগকে আরও গভীর করে তোলে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
পরে জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাত ১২টা ১৬ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের শহীদ ও গাজীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।