আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বুধবার (১০ জুন) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও […]
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বুধবার (১০ জুন) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তার দাবি, হামলায় নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক।
তবে এ বিষয়ে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। রয়টার্সের প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, তাদের ভূখণ্ডে হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে। তবে তালেবান প্রশাসন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
সাম্প্রতিক এই বিমান হামলার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে চীনের মধ্যস্থতায় মার্চ মাসে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘাত ও সহিংস ঘটনায় অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স