তরুণদের শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]
ছবি: সংগৃহীত
তরুণদের শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। নতুন প্রজন্মকে উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। ভালো ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে কাউকে পরিবারের ওপর বোঝা হয়ে থাকতে না হয় কিংবা জমি বিক্রি করে জীবিকার পথ খুঁজতে না হয়।”
তিনি বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
উদ্ভাবক মো. সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, “সলেমান আমাদের দেশের গর্ব। তরুণ প্রজন্মের জন্য তিনি একটি অনুকরণীয় উদাহরণ। এ ধরনের উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং প্রান্তিক কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।”
তিনি আরও জানান, ‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং এ ধরনের উদ্ভাবনের পাশে সরকার থাকবে।
অনুষ্ঠানে উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
এর আগে মির্জা ফখরুল সোলার সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন।