ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুওতকে ঘিরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোর করে প্রবেশের চেষ্টা করেছেন কয়েকজন ইহুদি তরুণ। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় শুক্রবার তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে আল-আকসা চত্বরে ঢোকার চেষ্টা করেন এবং সেখানে ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি শুরু করেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের […]
ছবি: সংগৃহীত
ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুওতকে ঘিরে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোর করে প্রবেশের চেষ্টা করেছেন কয়েকজন ইহুদি তরুণ। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে আল-আকসা চত্বরে ঢোকার চেষ্টা করেন এবং সেখানে ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি শুরু করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা হয়নি। বরং সন্দেহভাজনদের সঙ্গে বড় আকারের রুটি বা পাউরুটি ছিল। শাভুওত উৎসবে নতুন ফসল থেকে তৈরি রুটি উৎসর্গের একটি ঐতিহাসিক রীতি রয়েছে।
তবে প্রায় দুই হাজার বছর আগে রোমানদের হাতে ইহুদিদের প্রাচীন মন্দির ধ্বংস হওয়ার পর থেকে মূলধারার ইহুদি ধর্মে এমন আচার আর প্রচলিত নেই। এরপরও প্রতি বছর কিছু কট্টরপন্থী গোষ্ঠী সেখানে প্রবেশ করে পুরোনো রীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা ও ডোম অব দ্য রক এলাকায় তৃতীয় একটি ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখা কিছু কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গে এই তরুণরা যুক্ত থাকতে পারেন।
এর আগে গত মাসের শেষ দিকে এবং মে মাসের শুরুতে আল-আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানির চেষ্টা করার অভিযোগে যথাক্রমে ১৪ জন ও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে অত্যন্ত সংবেদনশীল এই স্থানে অমুসলিমদের প্রকাশ্যে প্রার্থনা বা কোনো কিছু উৎসর্গ করার ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এ বিধিনিষেধ তুলে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, পবিত্র স্থানের প্রচলিত নিয়ম অপরিবর্তিত আছে।
মূলধারার ইহুদি ধর্মীয় নেতাদের বড় অংশও এসব কর্মকাণ্ডের বিরোধী। পশ্চিম দেয়ালের প্রধান রাব্বি শ্মুয়েল রাবিনোভিচ আগেই জানিয়েছেন, আল-আকসা প্রাঙ্গণে কিছু উৎসর্গ করার চেষ্টা ইসরায়েলের প্রধান ধর্মীয় কর্তৃপক্ষের নীতির পরিপন্থী এবং বেআইনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল