সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৯ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

ইরানে তিন মাস পর আংশিকভাবে চালু হলো ইন্টারনেট সেবা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দেশটির কর্তৃপক্ষ সীমিত পরিসরে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পুনর্বহাল করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইরানের সাধারণ মানুষ বৈশ্বিক ইন্টারনেট থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। ওই সময়ে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইন্ট্রানেট […]

ইরানে তিন মাস পর আংশিকভাবে চালু হলো ইন্টারনেট সেবা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দেশটির কর্তৃপক্ষ সীমিত পরিসরে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পুনর্বহাল করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইরানের সাধারণ মানুষ বৈশ্বিক ইন্টারনেট থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। ওই সময়ে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইন্ট্রানেট সচল ছিল, যার মাধ্যমে সীমিত কিছু সেবা ব্যবহার করা যাচ্ছিল।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, বন্ধের ৮৮তম দিনে ইরানের ইন্টারনেট ট্রাফিকে আংশিক পুনরুদ্ধারের লক্ষণ দেখা গেছে। তবে এটিই আধুনিক ইতিহাসের দীর্ঘতম জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের সমাপ্তি কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “সাইবার স্পেসে নিয়ন্ত্রিত ও উন্মুক্ত প্রবেশাধিকারের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট চালু করা হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট এখনো পুরোপুরি সচল হয়নি।

ইরানের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাসার ওয়াই-ফাই ইন্টারনেট দিয়ে কিছু আন্তর্জাতিক ওয়েবসাইট ব্যবহার করা গেলেও অনেক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে এখনো ভিপিএনের প্রয়োজন হচ্ছে।

পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহর এক তরুণী জানান, দীর্ঘদিন পর তিনি বাসার ইন্টারনেট ব্যবহার করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছেন। তেহরানের এক ব্যবহারকারী বলেন, অফিস ও বাসার ইন্টারনেট কিছুটা সচল হলেও মোবাইল ডাটা আগের মতোই সীমাবদ্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় ইরান। এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময়ও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মানবাধিকারকর্মীদের অভিযোগ, বিক্ষোভ দমন এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতেই তখন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, আংশিকভাবে সংযোগ ফিরলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনো অনেক সময় লাগবে। যুক্তরাষ্ট্রভিত্তিক নেটওয়ার্ক বিশ্লেষক ডগ ম্যাডোরি বলেন, জানুয়ারির আগের ইন্টারনেট ব্যবহারের স্তরে ফিরতে ইরানকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে ইরানের ভেতরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন এই বিধিনিষেধ শিথিল করতে আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে।

এরই মধ্যে বিচার বিভাগ প্রেসিডেন্টের গঠিত নতুন একটি সাইবার সংস্থার কার্যক্রম স্থগিত করেছে, যে সংস্থাটি ইন্টারনেট পুনর্বহালের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল।

তবে সীমিতভাবে সংযোগ ফিরে আসায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আনন্দ প্রকাশ করে লিখেছেন, দীর্ঘদিন পর ভিপিএন ছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ