উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। গত ১৫ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং সহযোগী দলগুলো মোট ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। তবে এই বিপুল ভোটের মধ্যেও ০.০৭ শতাংশ ‘না’ ভোট বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব ভোট সরকার সমর্থিত প্রার্থীদের […]
ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। গত ১৫ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং সহযোগী দলগুলো মোট ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে।
তবে এই বিপুল ভোটের মধ্যেও ০.০৭ শতাংশ ‘না’ ভোট বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব ভোট সরকার সমর্থিত প্রার্থীদের বিপক্ষে পড়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে একটি করে অনুমোদিত প্রার্থী থাকায় ভোটারদের সামনে শুধু তাকে সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ ছিল। ফলে ‘না’ ভোটগুলোকে সাধারণত অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৫৭ সালের পর এই প্রথমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ‘না’ ভোটের তথ্য প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ও সামরিক প্রতিনিধিসহ মোট ৬৮৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে তাঁর বাবা কিম জং-ইল-এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং-উন। পরবর্তীতে ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাঁর ক্ষমতা আরও সুদৃঢ় করা হয়। বর্তমানে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে সামরিক ও প্রশাসনিক কাঠামোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।