অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী জনসমক্ষে আনা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ এবং […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী জনসমক্ষে আনা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী একাধিক উপদেষ্টার সম্পদ বেড়েছে। এর মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদ ১৫ কোটি ৯ লাখ ১৩ হাজার ১০২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকায়।
ড. সালেহউদ্দিন আহমেদের সম্পদ ৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদ ৪ কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৯৯৭ টাকা হয়েছে।
আদিলুর রহমান খানের সম্পদ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার কারণে ৯৮ লাখ ২২ হাজার ৭ টাকা থেকে লাফিয়ে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকায় পৌঁছেছে। তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদও ৫ কোটি ১৯ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ টাকা হয়েছে।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সম্পদ ৪ কোটি ৪৬ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩৫ টাকা হয়েছে। তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকায়।
ড. আসিফ নজরুলের সম্পদ ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২ কোটি ১ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে।
এ ছাড়া ফারুক ই আজম, বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন, শারমীন এস মুরশিদ, লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম, আলী ইমাম মজুমদার, ড. চৌধুরী রফিকুল আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, নূরজাহান বেগম, ফরিদা আখতার, ড. আ ফ ম খালিদ হোসেন, শেখ বশিরউদ্দীন ও লে. জে. (অব.) আব্দুল হাফিজের সম্পদেও বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দাখিল করা তথ্যের ভিত্তিতেই এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।