প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। সামুদ্রিক নিরাপত্তা, বিনিয়োগ, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। সামুদ্রিক নিরাপত্তা, বিনিয়োগ, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনও ব্রিফিংয়ে বক্তব্য দেন।
উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাক্ষরিত ছয়টি সহযোগিতা দলিলের মধ্যে রয়েছে চারটি সহযোগিতা স্মারক (এমওসি), একটি অনুদান চুক্তি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি আগ্রহপত্র (এলওআই)।
বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ২১২ কোটি জাপানি ইয়েন বা ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুদান দেবে জাপান। এ জাহাজ বাংলাদেশ কোস্ট গার্ডের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, সমুদ্রে অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সামুদ্রিক ঘটনায় সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের একটি সহযোগিতা স্মারক সই হয়েছে। একই জাপানি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক স্মারকের মাধ্যমে এ দুই খাতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি (এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম—ইএসডিপি) নিয়েও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য দক্ষতা উন্নয়ন ও জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদার করা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।
দুটি প্রকল্পে ঋণ দেবে জাপান
সহযোগিতা দলিলের পাশাপাশি বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে মোট ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
এর মধ্যে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন ইয়েন বা ১০ কোটি ৮ লাখ ডলার ঋণ দেওয়া হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে এ অর্থ সহায়তা করবে।
অন্য প্রকল্পটি উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়। এ প্রকল্পে ৩০ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন বা ১৯ কোটি ৪৭ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর লক্ষ্য উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারব্যবস্থা ও উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করা।
বেসরকারি খাতেও ১৭ সমঝোতা স্মারক
সরকারি পর্যায়ের ছয়টি সহযোগিতা দলিলের বাইরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উদ্যোগে দুই দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি) উদ্যোগকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে আরও বিস্তৃত কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার বিষয়ে দুই নেতা সম্মত হন।
জাপানের প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের বিনিয়োগ এক লাখ কোটি ইয়েনে পৌঁছাতে পারে, যার মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাপানে রয়েছেন।
সূত্র: ইউএনবি, প্রথম আলো ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।