সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

এআইয়ের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে বাণিজ্যযুদ্ধের শঙ্কা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের সুফল পাচ্ছে চীন। সেমিকন্ডাক্টরসহ উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদা বাড়ায় চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। তবে রপ্তানিতে এই উল্লম্ফন দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন করে শুল্ক ও বাণিজ্যিক বিরোধের ঝুঁকিও […]

এআইয়ের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে বাণিজ্যযুদ্ধের শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের সুফল পাচ্ছে চীন। সেমিকন্ডাক্টরসহ উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদা বাড়ায় চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। তবে রপ্তানিতে এই উল্লম্ফন দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন করে শুল্ক ও বাণিজ্যিক বিরোধের ঝুঁকিও বাড়াচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটির পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার। টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল চীন। গত বছর এই মাইলফলকে পৌঁছাতে আরও এক মাস সময় লেগেছিল।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। সেপ্টেম্বরেও রপ্তানি বৃদ্ধির হার ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে অক্টোবরে আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও বেশি। ফলে সেপ্টেম্বরের ১৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের তুলনায় অক্টোবরে মাসিক বাণিজ্য উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে।

রপ্তানি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে এআই অবকাঠামোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিপণ্যের বৈশ্বিক চাহিদা। বছরের প্রথম ১০ মাসে চীনের সেমিকন্ডাক্টর রপ্তানি বেড়েছে ১১১ দশমিক ১ শতাংশ। একই সময়ে উচ্চপ্রযুক্তির পণ্যের সামগ্রিক রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ। বিশ্বজুড়ে ডেটা সেন্টার, কম্পিউটিং অবকাঠামো ও এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ায় চীনা নির্মাতাদের পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে।

তবে এই রপ্তানি প্রবৃদ্ধির আড়ালে চীনের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতাও রয়েছে। দেশটির আবাসন খাতে দীর্ঘদিনের মন্দা, বাড়ি বিক্রিতে ধস এবং ভোক্তাদের দুর্বল চাহিদা অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। ফলে অভ্যন্তরীণ বাজারে পণ্যের চাহিদা কম থাকায় উৎপাদনকারীরা বিদেশের বাজারের ওপর বেশি নির্ভর করছেন। গাড়ি নির্মাতারাও দেশের বাইরে ক্রেতা খুঁজছেন।

চীনের ক্রমবর্ধমান রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাণিজ্যিক অংশীদারদের মধ্যে। চীনা পণ্যের প্রবেশ ঠেকাতে নতুন শুল্ক কিংবা অন্যান্য বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের আশঙ্কা রয়েছে। ট্রিভিয়াম চায়নার প্রধান অর্থনীতিবিদ জো পিসেল সতর্ক করেছেন, ২০২৭ সালেও চীনা নির্মাতারা বিদেশের বাজারে সম্প্রসারণ অব্যাহত রাখলে অতিরিক্ত শুল্ক ও বাণিজ্যিক বাধার ঝুঁকি উঁচুতে থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার অংশ হিসেবে বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ নগুয়েন হোয়াং নামের মতে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপের প্রভাব থাকতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চীনের বাণিজ্যিক টানাপোড়েন বাড়ার আশঙ্কা রয়েছে। চীনা গাড়ি রপ্তানি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপের উদ্যোগ নিয়েছে। এদিকে আইএনজির প্রধান অর্থনীতিবিদ লিন সং মনে করেন, সাম্প্রতিক শেয়ারবাজারের অস্থিরতা সত্ত্বেও আগামী কয়েক মাস এআই-সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য শক্তিশালী থাকতে পারে।

এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে চীনের শেনঝেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে শুল্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং দুই দেশের অর্থনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। চীনের রপ্তানির এই উল্লম্ফন তাই শুধু দেশটির অর্থনীতির জন্য নয়, বৈশ্বিক বাণিজ্য সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ