সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:৫২ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ নারী ও শিশু

চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৯৭৮ জন। তাঁদের মধ্যে ৩০২ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের ৯৩ জনই শিশু। পুলিশের পরিসংখ্যানে হত্যাকাণ্ডের সংখ্যায় শীর্ষে রয়েছে যশোর জেলা। তবে চাঁদাবাজি, ছিনতাই ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে খুলনা। শনিবার (১৪ […]

খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ নারী ও শিশু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৯৭৮ জন। তাঁদের মধ্যে ৩০২ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের ৯৩ জনই শিশু। পুলিশের পরিসংখ্যানে হত্যাকাণ্ডের সংখ্যায় শীর্ষে রয়েছে যশোর জেলা। তবে চাঁদাবাজি, ছিনতাই ও সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে খুলনা।

শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিভাগের ১০ জেলায় সবচেয়ে বেশি ৬১টি খুন হয়েছে যশোরে। দ্বিতীয় অবস্থানে থাকা বাগেরহাটে ৪০টি এবং তৃতীয় অবস্থানে থাকা কুষ্টিয়ায় ৩৯টি হত্যাকাণ্ড ঘটেছে। খুলনা জেলায় এ সময়ে খুন হয়েছে ৩৬টি।

তবে এই হিসাবে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন আটটি থানার হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত করা হয়নি। খুলনা জেলা পুলিশের ভাষ্য, কেএমপি রেঞ্জ পুলিশের আওতাভুক্ত নয়। কেএমপির আটটি থানা এলাকায় একই সময়ে আরও ৩৬টি খুনের ঘটনা ঘটেছে। ফলে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়ায় ৭২টি।

বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে আটটি হত্যাকাণ্ডের তথ্য রয়েছে।

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের উদ্বেগজনক চিত্র

হত্যাকাণ্ডের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। পুলিশের তথ্য অনুযায়ী, ১০ মাসে বিভাগজুড়ে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন নারী ও শিশু। তাঁদের মধ্যে ৯৩ জন শিশু।

এসব ঘটনায় মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে খুলনায় খুন ও চাঁদাবাজির ঘটনা নিয়ে আলোচনা বেশি হওয়ায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনাগুলো তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার ১২৫ আগ্নেয়াস্ত্র, ২২৪ রাউন্ড গুলি

চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২৭টি বিদেশি পিস্তল, পাঁচটি দেশি পিস্তল, পাঁচটি দেশি রিভলবার, চারটি বিদেশি রিভলবার, ৪৩টি ওয়ানশুটার গান, ১৪টি পাইপগান, পাঁচটি এয়ারগান, একটি ডাবল ব্যারেল বন্দুক, ২০টি বন্দুক এবং অন্যান্য একটি আগ্নেয়াস্ত্র।

খুলনায় চাঁদাবাজি, বাগেরহাটে ছিনতাইয়ের আতঙ্ক

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাগেরহাটে টাকা নিয়ে বাইরে বের হলে ছিনতাইকারীদের কবলে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। গত দুই মাসে জেলাটিতে কয়েকটি আলোচিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

অন্যদিকে খুলনায় চাঁদাবাজির ভয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কিংবা এলাকা ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। চলতি বছরে চাঁদাবাজদের ভয়ে ১১ জন চিকিৎসক দেশ ছেড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের কারও কাছে এক কোটি, কারও কাছে দুই কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছিল।

খুলনার বিভিন্ন থানার সীমানাসংলগ্ন এলাকায় গুলি করে হত্যার ঘটনাও ঘটছে। এক থানার এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে হামলাকারীরা পাশের থানার এলাকায় চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বাগেরহাটের বিভিন্ন থানার সীমানাসংলগ্ন নির্জন এলাকায় নারী ও পুরুষের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৩ নভেম্বর রামপালে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, বিভাগে হত্যাকাণ্ডের সংখ্যায় যশোর শীর্ষে থাকলেও খুলনা নিয়ে আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে।

তিনি জানান, রেঞ্জ পুলিশের নিয়মিত সভায় তদন্ত কর্মকর্তাদের মামলার শতভাগ মান বজায় রেখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাঁর মতে, তদন্ত মানসম্মত হলে আদালতে আসামিদের দ্রুত জামিন পাওয়ার সুযোগ কমবে। কিছু ক্ষেত্রে আসামিরা দ্রুত জামিন পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সূত্র: বাংলা ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ