বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীন সফরের সময় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, চীনের বিশাল বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানি শুরু হলে দেশের কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে। বুধবার (৮ […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীন সফরের সময় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, চীনের বিশাল বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানি শুরু হলে দেশের কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহের ফুলবাড়ীয়া আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি সাম্প্রতিক বিদেশ সফর এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তার চীন সফরের সময় বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কাঁঠাল যেমন দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, তেমনি চীনের ভোক্তারাও এ ফলের প্রতি আগ্রহী। এ সুযোগ কাজে লাগিয়ে চীনের বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা চীন সফরে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছি। আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় এবং চীনের মানুষও এটি পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা তাদের বাজারে কাঁঠাল রপ্তানি করতে পারব।”
কাঁঠাল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উদাহরণও উল্লেখ করেন। তিনি বলেন, চীন সফরের আগে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানান, মালয়েশিয়া প্রতিবছর শুধু চীনেই প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের দুরিয়ান রপ্তানি করে।
প্রধানমন্ত্রী বলেন, দুরিয়ান দেখতে অনেকটা বাংলাদেশের কাঁঠালের মতো। মালয়েশিয়া যদি একটি ফল রপ্তানি করে এত বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় বিপুল পরিমাণ কাঁঠাল, আনারস ও লেবু উৎপাদনের বিষয়টি তুলে ধরে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ওই এলাকায় আনারস প্রক্রিয়াজাতকরণকে কেন্দ্র করে একটি শিল্পকারখানা স্থাপন করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তার অভাবে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে যায়।
তিনি জানান, বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা, বিশেষ করে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পগুলো পুনরায় চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আপাতত ফুলবাড়ীয়ায় নতুন কোনো শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা সরকারের নেই। তবে পূর্বে বন্ধ হয়ে যাওয়া কৃষিভিত্তিক কারখানাটি কীভাবে পুনরায় চালু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তিনি আরও বলেন, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের রপ্তানি আয়ও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।