চীনের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলসংলগ্ন এলাকায় সমুদ্রতলে বিপুল স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, এই ভাণ্ডারটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলীয় স্বর্ণখনিগুলোর একটি হতে পারে। স্থানীয় সরকারের তথ্য উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, লাইঝৌ অঞ্চলে বর্তমানে শনাক্ত স্বর্ণের মোট মজুত ৩,৯০০ টনেরও বেশি। এই পরিমাণ চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ […]
চীনের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলসংলগ্ন এলাকায় সমুদ্রতলে বিপুল স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, এই ভাণ্ডারটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলীয় স্বর্ণখনিগুলোর একটি হতে পারে।
স্থানীয় সরকারের তথ্য উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, লাইঝৌ অঞ্চলে বর্তমানে শনাক্ত স্বর্ণের মোট মজুত ৩,৯০০ টনেরও বেশি। এই পরিমাণ চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশের সমান। এর ফলে স্বর্ণের মজুত ও উৎপাদনের দিক থেকে লাইঝৌ এখন দেশটির শীর্ষ অবস্থানে রয়েছে। তবে নতুন আবিষ্কৃত সমুদ্রতলীয় খনিটির সঠিক আয়তন ও সক্ষমতা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত মাসে লিয়াওনিং প্রদেশে প্রায় ১,৪৪৪ দশমিক ৪৯ টন স্বর্ণসমৃদ্ধ একটি ‘সুপার-লার্জ’ খনির সন্ধান মিলেছিল। একইভাবে, নভেম্বরে কুনলুন পর্বতমালার পশ্চিম প্রান্তে এক হাজার টনের বেশি সম্ভাব্য স্বর্ণ মজুতের ইঙ্গিত পাওয়া যায়।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ১৯৪৯ সালের পর এটি দেশটিতে আবিষ্কৃত সবচেয়ে বড় একক স্বর্ণখনি। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালেই শানডং প্রদেশ জানিয়েছিল যে চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ লাইঝৌ ও জিয়াওদং উপদ্বীপ এলাকায় অবস্থিত। সেখানে ৩,৫০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি অঞ্চল হিসেবে পরিচিত।