কম্বোডিয়ার সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। রাজকীয় ডিক্রি অনুযায়ী আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত রাজকীয় ডিক্রিতে আনুতিন উল্লেখ করেন, তিন মাস আগে সংখ্যালঘু সরকার গঠনের পর থেকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষসহ […]
কম্বোডিয়ার সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। রাজকীয় ডিক্রি অনুযায়ী আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত রাজকীয় ডিক্রিতে আনুতিন উল্লেখ করেন, তিন মাস আগে সংখ্যালঘু সরকার গঠনের পর থেকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষসহ নানা সংকটের মুখে পড়েছে থাইল্যান্ড। পরিস্থিতি বিবেচনায় জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দিতেই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিক্রিতে আরও বলা হয়, সরকারের সামনে আসা জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনিক সক্ষমতার সবটুকু প্রয়োগ করেও দেশ পরিচালনায় প্রয়োজনীয় স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়নি। জটিল রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু সরকার হিসেবে সীমাবদ্ধতার কারণে ধারাবাহিক, কার্যকর ও স্থায়ী জন প্রশাসন পরিচালনা ব্যাহত হয়েছে।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আনুতিন ২০২৩ সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের সময়ই তিনি জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় তিনি এবং তার ভূমজাইথাই পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু ঘটে।
গত এক বছরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। এ সময় আদালতের সিদ্ধান্তে দুইজন প্রধানমন্ত্রীর পদচ্যুতি ঘটে। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে আনুতিনের পূর্বসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাকেও অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ফাঁস হওয়া এক ফোন কলে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ হিসেবে উল্লেখ করা এবং থাই সেনাবাহিনীর সমালোচনা।