রাজধানীর দারুস সালাম এলাকায় ঘরে বসে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে আহত হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাতবরবাড়ি মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় জেসমিন ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ বাইরে থেকে গুলি ছোড়া হলে একটি গুলি তার […]
ছবি: সংগৃহীত
রাজধানীর দারুস সালাম এলাকায় ঘরে বসে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে আহত হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাতবরবাড়ি মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় জেসমিন ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ বাইরে থেকে গুলি ছোড়া হলে একটি গুলি তার ডান হাতে লাগে। গুলি ছুড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি পরিবারের।
আহত জেসমিনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জেসমিনের ছেলে ইয়াসিন জানান, তার মা ঘরে বসে টিভি দেখছিলেন। হঠাৎ জানালা দিয়ে গুলি আসার পর তিনি আহত হন। তবে কেন বা কারা তাকে লক্ষ্য করে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
জেসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।