রাজধানীর কলাবাগানে অনলাইন জুয়ার টাকার জন্য মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডার পর মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগানের ইস্টার্ন পান্থছায়া নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। তিনি পরিবারের […]
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানে অনলাইন জুয়ার টাকার জন্য মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডার পর মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগানের ইস্টার্ন পান্থছায়া নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কলাবাগানেই থাকতেন। ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। গত শনিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে বাসায় রাগারাগি করেন। পরদিন রোববার রাতে ফের মায়ের কাছে টাকা দাবি করেন তিনি।
একপর্যায়ে মাকে কক্ষে আটকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের কক্ষে চলে যান। পরে আগে থেকে খোলা জানালা দিয়ে ভবনের ওপরের তলা থেকে লাফ দেন বলে জানিয়েছে পুলিশ।
তিনি পাশের ভবনের নিচতলার ছাদে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ বলে মনে হলেও ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।