ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও জেগে উঠেছে। সিসিলি দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে নতুন করে লাভা উদগীরণ। বরফে ঢাকা পাহাড় চিরে বেরিয়ে আসছে আগুনের ফোয়ারা, আকাশে ছড়িয়ে পড়ছে ঘন ধোঁয়া। প্রবল বাতাসে আগুন ও ছাই ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে গলিত লাভার সঙ্গে ছিটকে […]
ছবি: সংগৃহীত
ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও জেগে উঠেছে। সিসিলি দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে নতুন করে লাভা উদগীরণ। বরফে ঢাকা পাহাড় চিরে বেরিয়ে আসছে আগুনের ফোয়ারা, আকাশে ছড়িয়ে পড়ছে ঘন ধোঁয়া। প্রবল বাতাসে আগুন ও ছাই ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে গলিত লাভার সঙ্গে ছিটকে বেরিয়ে আসছে উত্তপ্ত পাথরের টুকরো। পরিস্থিতির কারণে সিসিলির উপকূলীয় বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ঝুঁকির মাঝেও বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখতে মাউন্ট এটনায় ভিড় জমাচ্ছেন পর্যটক ও পর্বতারোহীরা। অগ্ন্যুৎপাত চলমান থাকা সত্ত্বেও অনেকেই বরফ আর আগুনের এই ব্যতিক্রমী দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।
বিশ্বের দীর্ঘদিন ধরে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে মাউন্ট এটনা অন্যতম। এটি ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরির একটি এবং এর সবচেয়ে কাছের বড় শহর হলো সিসিলির কাতানিয়া। আগ্নেয়গিরিটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার।
ইতালির ভলক্যানোলজিস্টরা জানিয়েছেন, জ্বালামুখের ভেতরে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা লাভা উদগীরণের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় ওই অঞ্চলে বিমান চলাচলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মাউন্ট এটনা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয় এবং প্রতিবছর একাধিকবার এখান থেকে লাভা উদগীরণের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক এই অগ্ন্যুৎপাত কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা এখনো পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা।