ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের নাম করে দেশটির ওপর হামলা চালানোকে কঠোরভাবে সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রকাশ্যে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়েছেন। ১০ মার্চ সিনেটে দেওয়া বক্তব্যে শুমার বলেন, “ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে দিন […]
ছবি: সংগৃহীত
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের নাম করে দেশটির ওপর হামলা চালানোকে কঠোরভাবে সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রকাশ্যে এ বিষয়ে সাক্ষ্য দেওয়ার দাবি জানিয়েছেন।
১০ মার্চ সিনেটে দেওয়া বক্তব্যে শুমার বলেন, “ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে দিন দিন আরও বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী মন্তব্য করছেন।”
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে তারা ইরানের ভেতরে সবচেয়ে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছেন।
শুমার বলেন, “সোমবার ট্রাম্প এমন মন্তব্য করেছেন যাতে মনে হয়েছে ইরানে অভিযান শেষের দিকে। কিন্তু আসলে কি যুদ্ধ শেষের পথে, নাকি আমরা সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছি? ট্রাম্প ও তার সহযোগীরা কীভাবে ১২ ঘণ্টার মধ্যেই পরস্পরবিরোধী বক্তব্য দিতে পারেন? এটি অবিশ্বাস্য।”
তিনি অভিযোগ করেন, ট্রাম্প অনেক সময় যথেষ্ট তথ্য না জেনে তাৎক্ষণিক মন্তব্য করেন, যা পরবর্তীতে তার নিজের বক্তব্যের সঙ্গে খণ্ডিত হয়ে যায়।
শুমার ট্রাম্পের দাবি চ্যালেঞ্জ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য ইরানের টমাহক ক্ষেপণাস্ত্র দায়ী, যেখানে ১৬৮ শিশু সহ ১৭৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এই দাবি হাস্যকর এবং অযৌক্তিক।
তিনি ওই হামলা ও বেসামরিক হতাহতের ঘটনায় ‘পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানান। এছাড়া যুদ্ধ ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে।
শুমার বলেন, “ডোনাল্ড ট্রাম্প এদেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমরা প্রশাসনের কর্মকর্তাদের কংগ্রেসের সামনে প্রকাশ্যে সাক্ষ্য দিতে বাধ্য করাব।” তিনি বিশেষভাবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে শুনানিতে ডাকার আহ্বান জানান। শুমার প্রশ্ন তুলেছেন, “মধ্যপ্রাচ্যে কেন আমাদের সেনারা যুদ্ধ করছে ও প্রাণ দিচ্ছে? প্রশাসনকে কংগ্রেসের সামনে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হবে।”